অবাক করা ব্যাপার হলো-শুভমান গিলের ভাবনায় এখন বিশ্বকাপের জায়গা নেই। এমনকি জাতীয় দলের সুযোগ নিশ্চিত করার কথা ভেবে আইপিএলে খেলতেও চান না তিনি। তার সম্পূর্ণ মনোযোগ এখন গুজরাট টাইটান্স।
এবারের আইপিএলে গিলের ব্যাট হাসছে। এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে ৩০৪ রান করেছেন। যেখানে তার ব্যাটিং গড় ৩৮। রানের মধ্যে থাকলেও এখন টি-২০ বিশ্বকাপ নিয়ে ভাবছেন না তিনি। তার কথা, আইপিএলের সময় বিশ্বকাপ নিয়ে ভাবলে গুজরাত টাইটান্সের প্রতি অবিচার হবে।
.png)
গুজরাট অধিনায়ক বলেন, ‘ভারতের হয়ে খেলা সব থেকে বড়। কিন্তু এখন টি-২০ বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করলে গুজরাট টাইটান্সের প্রতি অবিচার হবে। নিজের প্রতিও সুবিচার করতে পারব না। কারণ এই মুহূর্তে গুজরাটই আমার দল।’
বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে শুভমান বলেন, ‘আমাকে টি-২০ বিশ্বকাপের দলে নির্বাচিত করা হলে হবে। এখন আমার লক্ষ্য আইপিএল। এখন একটাই চিন্তা। তা হল কীভাবে আমার দলের (গুজরাট) সেরা পারফরম্যান্স তুলে করা যায়। দলের জন্য সেরা পারফর্ম করাও আমার লক্ষ্য। সতীর্থদের সব রকম ভাবে সাহায্য করতে চাই।’
তাহলে কি বিশ্বকাপ খেলার ইচ্ছা নেই গিলের? তিনি বলেন, ‘অবশ্যই আছে। বিশ্বকাপের দলে থাকতে চাই এবং খেলতে চাই। সর্বোচ্চ পর্যায় দেশের প্রতিনিধিত্ব অবশ্যই করতে চাই আমি। টি-২০ ক্রিকেটে এর থেকে বড় মঞ্চ আর কী হতে পারে? গত বছর বিশ্বকাপ খেলেছি। বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। আর একটা বিশ্বকাপ খেলার সুযোগ পেলে দুর্দান্ত হবে। তবে এত আগে থেকে বিশ্বকাপ নিয়ে ভাবতে চাইছি না।’