এবারের আসরে চেন্নাইয়ের জার্সিতে খেলেছেন মুস্তাফিজুর। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হয়েছে তাকে। ফিজ দেশে ফেরাতে কিছুটা অস্বস্তিতে পড়েছে চেন্নাইকে।
ফিজের বদলে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারের দ্বারস্থ হয়েছে চেন্নাই। কিউই এই স্পিনার বলের পাশাপাশি খানিকটা ব্যাটও চালাতে পারেন। চেন্নাই তাই খানিকটা বাড়তি প্রত্যাশা করতেই পারে তার কাছ থেকে।
.png)
একদিকে ধর্মশালায় এই ম্যাচে অস্বস্তির এক রেকর্ড তাড়া করছে চেন্নাইকে। আইপিএলে টানা পাঁচ সাক্ষাতে চেন্নাইকে হারিয়েছে পাঞ্জাব। এর আগে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাইকে টানা পাঁচ ম্যাচে হারানোর রেকর্ড ছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের।
দলের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে দেশের ডাকে আইপিএল ছেড়েছেন। এছাড়া মাথিশা পাথিরানারও নেই এই ম্যাচে। ফ্লু আক্রান্ত হয়ে আগের ম্যাচে ছিলেন না পেস আক্রমণের অন্যতম ভরসা তুষার দেশপান্ডে। মাত্র দুই বল করে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দীপক চাহারকেও মাঠ ছাড়তে হয়েছিল। এরপর তার পুরো আইপিএলই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সবমিলিয়ে কম্বিনেশন মেলানোয় হিমশিম খেতে হচ্ছে চেন্নাইকে।
আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ শেষ করেছে চেন্নাই সুপার কিংস। তাতে জয় পেয়েছে পাঁচটি, হেরেছেও পাঁচ ম্যাচে। ১০ পয়েন্ট নিয়ে হলুদ শিবির আছে টেবিলের পঞ্চম স্থানে। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস ১০ ম্যাচে জয় পেয়েছে ৪ ম্যাচে। প্লে-অফে যাওয়ার লক্ষ্যে পরের সব ম্যাচেই জয় চায় তারা।