ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিএসজি ছাড়ছেন কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ১১ মে ২০২৪
পিএসজি ছাড়ছেন কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে

চলতি মৌসুম শেষে যে কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছাড়বেন, এটা জানা ছিল। কিন্তু ক্লাব ও ব্যক্তি কারো কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এতদিন আসেনি। অবশেষে সেই ঘোষণা দিয়ে দিয়েছেন ফরাসি স্ট্রাইকার।

শুক্রবার (১০ মে) দিবাগত রাতে এক ভিডিও বার্তায় পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন এমবাপ্পে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে এমবাপ্পে জানিয়েছেন, পিএসজির হয়ে এটিই তার শেষ মৌসুম।

ফ্রান্সের অধিনায়ক জানিয়েছেন, আগামী রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটিই হবে পিএসজির জার্সিতে তার শেষ ম্যাচ।

Advertisement

ভিডিও বার্তায় এমবাপ্পে বলেন, আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না। এই যাত্রা আসছে কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রোববার পার্ক দ্য প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলব।

তিনি আরো বলেন, সাত বছরে এখানে অনেক স্মৃতি জমেছে। ক্লাবের প্রত্যেক কোচ, ও কোচিং স্টাফের সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশ্বমানের সতীর্থদের প্রতিও। প্যারিস ছাড়া কষ্টের হলেও আসলে আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই। পিএসজি সবসময় আমার অন্তরে থাকবে। বিদায় প্যারিস

তবে ভিডিওতে এমবাপ্পে কোথায় যাচ্ছেন তা নিয়ে কিছুই জানাননি। তবে গণমাধ্যমে চাউর এমবাপ্পে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে। এটাও শুধু এমবাপ্পের মুখ থেকেই শোনা বাকি। এই ঘোষণার মধ্য দিয়ে পিএসজির সঙ্গে ৭ বছরের সম্পর্কের ইতি টানলেন তিনি।

২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে পাড়ি জমান এমবাপ্পে। যোগদানের পর থেকেই গোল করা ও করানোয় নিজের ভান্ডার সমৃদ্ধ করেন তিনি। পিএসজির হয়ে সব মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপ্পে। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০৮টি গোল।

পিএসজির হয়ে ৭ বছর খেলে ৬ বার লিগ ওয়ান জিতেছেন এমবাপ্পে। তবে আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা হয়নি বিশ্বকাপজয়ী এ তারকার। সর্বশেষ গত ৯ মে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যায় পিএসজি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!