সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট হাতে ১ রান করা সাকিব আজ শেষ ম্যাচে ১৭ বলে ২১ রান করেন। নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন এই অলরাউন্ডার। যে কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে ব্যাটিং প্রস্তুতির ঘাটতি প্রবলভাবে অনুভব করছিলেন তিনি।
আর তাই যেন রোববার (১২ মে) মিরপুরে ম্যাচ শেষ করে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনে নামেন এই তারকা। একজন নেট বোলারকে সঙ্গে নিয়ে ব্যাটিং অনুশীলন শুরু করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্পও।
.png)
প্রায় আধা ঘণ্টার মতো থ্রো ডাউনের বিপক্ষে অনুশীলন করেছেন সাকিব। এ সময় লং অন ও মিড উইকেট দিয়ে বেশ কয়েকটি ছক্কাও মারেন। কিছুক্ষণ পর ফের ড্রেসিংরুমে ফেরত যান বাঁহাতি অলরাউন্ডার। অনুশীলন শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সেখানে দাঁড়িয়ে আলাপও করেন সাকিব।
ভারত বিশ্বকাপের সময় চোখের সমস্যায় পড়েন সাকিব। চোখের সমস্যায় বিপিএলে শুরুতে ব্যাট করতেও ভোগেন তিনি। চিকিৎসা করিয়ে ছন্দ পেয়ে রানও করেন। তবে বড় মঞ্চে তার ব্যাটে অস্বস্তি থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয়।
সব কিছু ঠিক থাকলে টানা নবম টি-২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব। দলের জন্য বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিং ভীষণ গুরুত্বপূর্ণ।