দল ঘোষণার মতো বিশ্বকাপ জার্সি উন্মোচনের ক্ষেত্রেও দেরি’র পথে হাঁটছে বিসিবি। বিশ্বকাপের জার্সি উন্মোচনের ঘোষণা আসতে আরও দুয়েক দিন লাগতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
দেশের এক গণমাধ্যমকে টিটু বলেছেন, ‘জার্সি উন্মোচন হবে, আলাপ-আলোচনা চলছে। দুয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
.png)
এর আগে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে টাইগারদের স্কোয়াড ও জার্সি উন্মোচন করা হয়েছিল। টি-২০ বিশ্বকাপের বেলায় সেটি হয়নি। তবে এবার স্যুট-বুটেড হয়ে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে। যা নিয়ে আক্ষেপ ছিল ২০২৩ ভারত বিশ্বকাপে।
গতকাল (বুধবার) অনেকটা তপ্ত রোদে হাসি–হাসি মুখ করে এই ফটোসেশনে অংশ নেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তরা। কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে সেখানে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
এদিকে গতকাল মধ্যরাতে আমেরিকার উদ্দেশে রওনা করেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি হিসেবে তারা স্বাগতিক দেশটির সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। তার আগে টাইগারদের বিশ্বকাপ জার্সি নিয়ে লুকোচুরি যায়নি।
উল্লেখ্য, আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-২০ বিশ্বকাপের আয়োজন করবে। ২০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে। ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।