মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতা সত্ত্বেও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ভর করে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। বোলারদের ব্যর্থতায় ম্যাচটিতে ৫ উইকেটে হারে বাংলাদেশ। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা তুলে ধরেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর পাশাপাশি ব্যাটারদের এমন ব্যর্থতার জন্য উইকেটকেও কাঠগড়ায় তুলেছেন শান্ত। তিনি বলেন, আমরা ভালো ব্যাট করিনি। মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি। যদিও দারুণ শুরু পেয়েছিলাম, তবে শেষটা ভালোভাবে করতে পারিনি।
.png)
এরপর তিনি বলেন, মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরো ২০ রান বেশি করতে পারতাম। তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা। আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না।
শান্ত আরো বলেন, জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাররা ঘুরে দাঁড়াতে পারবে। (প্রবাসী বাংলাদেশিরা) হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।
ডেথ ওভারে পেসারদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার আক্ষেপও ঝরেছে অধিনায়ক শান্তর কণ্ঠে। তিনি বলেন, আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে। সবশেষ ২-৩ ওভারে আমাদের পেসাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আশা করছি পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে।