দ্বিতীয় ম্যাচে আজ নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচ হারায় সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানো ছাড়া টাইগারদের সামনে কোন পথ খোলা নেই।
বৃহস্পতিবার (২৩ মে ) টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলা শুরু হবে রাত ৯টায়। আজকের ম্যাচ যথারীতি দেখা যাবে নাগরিক টিভিতে ও টফি অ্যাপসে।
টিম বাংলাদেশ নিয়ে আস্থার শঙ্কট চারপাশে। যুক্তরাষ্ট্রের মত দলের সঙ্গে হার মেনে নেয়া কঠিন। চাপটা এখন বাংলাদেশের ওপর। ম্যাচের আগে অনুশীলন না করে হিউস্টনে নাসা স্পেস সেন্টার ঘুরে দেখেছেন ক্রিকেটাররা।
.png)
ব্যাটারদের টানা ব্যর্থতার মাঝেও এতদিন আশা দেখিয়েছে বোলিং ইউনিট। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারাও করেছেন হতাশ। আইপিএল মাতানো মুস্তাফিজের জাতীয় দলে ভিন্ন রুপ। ডেথ ওভারে কার্যকর হতে পারছেন না ফিজ।
এছাড়া সাকিব আল হাসানের মত অভিজ্ঞ বোলার কেন শেষ ওভারে বল করলেন না সে প্রশ্নও উঠেছে। হারের মতো খেলার ধরণ নিয়েও চলছে সমালোচনা। সব উত্তর দ্বিতীয় ম্যাচে দিতে পারবেতো নাজমুল শান্তর দল?
অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবেই প্রস্তুত করছে আয়োজকরা। এ মোমেন্টাম কাজে লাগিয়ে সিরিজ জিততে চায় আমেরিকা।