বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় মোহামেডান ও গুলশান। এদিন নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে মোহামেডান সংগ্রহ করে ৩৯২ রান। যা নারী ডিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে মোহামেডান ঝোড়ো শুরু করে। দুই ওপেনার মুর্শিদা ও জেসিয়া আখতারের ব্যাট থেকে উদ্বোধনী জুটিতে আসে ১৩৫ রান। তবে ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলে জেসিয়াবিদায় নিলে সেই জুটি ভাঙে।
.png)
এরপর তৃতীয় উইকেট জুটিতে বড় রানের পাহাড় গড়েন আরেক ওপেনার মুর্শিদা ও সোবহানা। শেষ পর্যন্ত মুর্শিদা অপরাজিত থাকলেও, সেঞ্চুরি পূর্ণ করে আউট হয়ে যান সোবহানা। সোবহানা ১০১ বলের ইনিংসে ৬টি চার ও ৭টি ছক্কায় ১২৮ রান করেন।
ততক্ষণে অবশ্য মোহামেডানের বড় পুঁজিও নিশ্চিত হয়ে যায়। এছাড়া ১৫৭ বলে ২৩টি চার ও ২টি ছক্কায় ১৭৯ রান করেন ইনিংস শেষেও অপরাজিত থাকা মুর্শিদা।
এর আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল বিকেএসপির ৩২১ রান। ২০২২-২৩ মৌসুমে তারা কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে সেই সর্বোচ্চ রানের রেকর্ডটি করে।