‘মা বলতেন, সাকিব-মাশরাফীদের দলে কবে খেলবি’
আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে যাওয়ার আগে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক। জাতীয় দলে অবশ্য এর আগেই অভিষেক হয়েছে তার। তবে বিশ্বকাপের বিমান এই প্রথম ধরেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
মঙ্গলবার নিজেদের ফেসবুক পেইজে ‘গ্রিন রেড’ স্টোরিতে জাকেরের সাক্ষাৎকার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিজের উত্থান, জাতীয় দলে জায়গা পাওয়া ও বিশ্বকাপে নিজের পরিকল্পনা জানিয়েছেন তরুণ এই ক্রিকেটার।
সেই ভিডিওতে জাকের আলী বলেন, ‘দেশের হয়ে খেলাটা সবচেয়ে বড় ব্যাপার। আর সেটি যদি বিশ্বকাপের মঞ্চে হয় আরও ভালো। যখন থেকেই জানি আমি আছি (বিশ্বকাপ দলে) ম্যাচ বাই ম্যাচ দেখা শুরু করেছি, যে কার সঙ্গে কিভাবে খেলতে হবে। প্রতিপক্ষের সঙ্গে কৌশল কি রকম হওয়া উচিত।’
বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জেতার কথা জানিয়ে তিনি বলেন, ‘দল হিসেবে আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে ভালো পারফরম্যান্স করবো, জিতবো। নিজের দেশের জন্য বড় কিছু করবো। সব সময় মাথায় আছে যে দেশের জন্য ভালো কিছু করবো।’
জাকেরের জাতীয় দলে খেলা নিয়ে গবির্ত তার মা। সব সময় জাকেরকে বলতেন কবে জাতীয় দলে খেলবেন। সেই গল্পও শুনিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
তিনি বলেন, ‘আমার আম্মার স্বপ্ন ছিল যে আমি দেশের হয়ে খেলবো। সব সময় বলতো যে, তোর তামিম ভাই, সাকিব ভাই, মাশরাফী ভাইদের দলে কবে তুই খেলবি। এটাই তার স্বপ্ন ছিল। আম্মা খুব গর্ব বোধ করেন। আব্বা যখন ছিলেন মাঠে বসে থাকতেন। আব্বা যখন থাকতো না আমার বোন নিয়ে যেত।’