ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লা লিগার সেরা খেলোয়াড় বেলিংহাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৫, ২৯ মে ২০২৪
লা লিগার সেরা খেলোয়াড় বেলিংহাম
জুড বেলিংহাম

জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে চলতি মৌসুমে স্পেনের রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন জুড বেলিংহাম। এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করেছে তার দল। চ্যাম্পিয়ন্স লিগ জয় থেকে লস ব্লাঙ্কোসরা আছে মাত্র এক পা দূরে।

দলের এমন সাফল্যে বড় ভূমিকা রেখেছেন ইংলিশ তারকা বেলিংহাম। এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের মধ্যমাঠের মূল চালিকা শক্তি ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। যার পুরস্কারও হাতেনাতে পেয়ে গেছেন ২০ বছর বয়সী ইংলিশ তারকা।

এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ২৩ গোল করেছেন বেলিংহাম। যার মধ্যে ১৯টি করেছেন লা লিগায়। গোল করানোতেও যথেষ্ট পারদর্শী জুড, করেছেন ১২ অ্যাসিস্ট। যার মধ্যে ৬টি লা লিগায়। এসবের বদৌলতে বেলিংহাম হয়েছেন লা লিগার ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড়। 

Advertisement

এর আগে পুরো মৌসুমে রিয়ালকে একাধিকবার খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন বেলিংহাম। স্বপ্নের মতো প্রথম মৌসুম কাটানোর স্বীকৃতিই মূলত পেয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দু’দিন আগেই লা লিগার বর্ষসেরা ফুটবলার হিসেবে জানানো হলো তার নাম।

যদিও মৌসুমের মাঝামাঝি সময়ে কিছুটা ছন্দপতন হয়েছিল বেলিংহামের। তবে সময়মতো ঠিকই জ্বলে উঠেছেন মাঝমাঠ ছেড়ে রিয়ালে আক্রমণভাগের ত্রাতা বনে যাওয়া এই তারকা। এই নিয়ে টানা দুই মৌসুমে লীগের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন জুড।

গত মৌসুমে তিনি বুন্দেসলিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। লা লিগার সেরা খেলোয়াড় হওয়ার প্রসঙ্গে জুড বলেন, ‘এই পুরষ্কার আমি আমার সতীর্থ, কোচিং স্টাফ ও ক্লাবের ফ্যানদের উৎসর্গ করতে চাই। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা বরাবরই উপভোগের।’

আগামী ১ জুন দিবাগত রাতে বেলিংহাম তার সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হনবে। সব ঠিক থাকলে সাবেক ক্লাবের বিপক্ষে রিয়ালের জার্সিতে খেলতে নামবেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!