ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৩০৩ ম্যাচে বাজি, নিষিদ্ধ হলেন এই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ১ জুন ২০২৪
৩০৩ ম্যাচে বাজি, নিষিদ্ধ হলেন এই ক্রিকেটার
ছবি- সংগৃহীত

ক্রিকেট ম্যাচে বাজি ধরে তিন মাসের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ব্রাইডন কার্স। একইসঙ্গে আরো ১৩ মাসের স্থগিতাদেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে।

কার্সকে নিষিদ্ধ করার খবরটি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার শাস্তির মেয়াদ শেষ হবে আগামী ২৮ আগস্ট।

পাঁচ বছর আগে থেকেই ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়া খেলতেন ব্রাইডন কার্স। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্রিকেট ম্যাচ নিয়ে ৩০৩টি বাজি ধরেন। খবর হিন্দুস্তান টাইমসের।

Advertisement

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবি কোনো ব্যক্তিকেই বিশ্বের কোনো ক্রিকেট ম্যাচ নিয়ে বাজি ধরার অনুমতি দেয় না। এক্ষেত্রে কার্স ইসিবির বিধিভঙ্গ করেছেন।

নিজের কৃতকর্মের জন্য অবশ্য দুঃখ প্রকাশ করে কার্স বলেন, ‘বাজিগুলো কয়েক বছর আগে ধরলেও এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমি আমার কার্যকলাপের সব দায় (মাথা পেতে) নিচ্ছি। এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেওয়ায় আমি ইসিবি, ডারহাম এবং প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। আগামী ১২ সপ্তাহ আমি কঠোর পরিশ্রম করব এবং এটা নিশ্চিত করছি, আপনারা আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা আবারো খেলতে নেমে শোধ করব।’

২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন কার্স। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৪ ওয়ানডে ও ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। যদিও এখনো টেস্ট অভিষেক হয়নি তার। 

দুই ফরম্যাট মিলিয়ে ১৯টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!