ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

ভারতকে হারালেও বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৭, ৯ জুন ২০২৪
ভারতকে হারালেও বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান!
ফাইল ছবি

চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় পাকিস্তান। রোববার (৯ জুন) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নামার আগে কঠিন পরিস্থিতিতে রয়েছে দলটি।

আজ জিতলেও নিশ্চিন্তে থাকার সুযোগ নেই পাকিস্তানের। গ্রুপের বাকি ম্যাচগুলো জিতলেও সমীকরণের কঠিন মারপ্যাচে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজতে পারে বাবরদের। 

ভারত-পাকিস্তান ম্যাচের আগে গ্রুপ ‘এ’তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের নেট রান রেট ০.৬২৬। দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে তারা। ২ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। একটি ম্যাচ খেলে রোহিত শর্মাদের নেট রান রেট ৩.০৬৫।

Advertisement

পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কানাডা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ২। নেট রান রেট -০.২৭৪। গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। বাবরদের পয়েন্ট এবং নেট রান রেট শূন্য। পঞ্চম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। দুই ম্যাচের দু’টিতেই হারা আইরিশদের নেট রান রেট -১.৭১২।

টি-২০ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপের প্রথম দুইটি দল যাবে সুপার এইট পর্বে। পাকিস্তান বাকি তিনটি ম্যাচ জিতলেও সমীকরণের মুখে পড়তে হবে মেন ইন গ্রিনদের।

পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলো যদি ভারত জেতে এবং যুক্তরাষ্ট্র যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তা হলে ভারত, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে তখন বিবেচনা করা হবে নেট রানরেটকে।

সেই হিসেবের মধ্যে যদি পাকিস্তান প্রথম দুই দলের মধ্যে থাকতে না পারে, তাহলে বাকি সব ম্যাচ জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের। আর ভারতের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে পাকিস্তানের হার একপ্রকার নিশ্চিতই হয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!