সুপার এইটের সমীকরণ সহজ করতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে জয় পেতে মরিয়া দুদলই।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
.png)
এদিকে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স আশাবাদী করে তোলার কথা প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে। কিন্তু টাইগারদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নিচ্ছে না তারা।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আরো ২ পয়েন্ট পেয়ে সুপার এইট নিশ্চিত করে নিলে ব্যাপারটা দারুণ হবে। তবে কন্ডিশনের দিকটাও দেখতে হবে। আর বাংলাদেশ অনেক শক্তিশালী দল। আমাদের জন্য এটা সত্যিকারের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে আমরা জয়ের জন্য মুখিয়ে আছি।’
নাসাউ কাউন্টির মাঠে খেলা দেখতে আসা বাংলাদেশিদের উল্লাস থামিয়ে দিতে চান প্রোটিয়া অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে জিতে বাংলাদেশি সমর্থকদের ভাষাহীন করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
প্রোটিয়া অধিনায়কের কথায়, ‘আমি নিশ্চিত মাঠে বাংলাদেশের অনেক ভক্ত সমর্থক থাকবে। তবে বাউন্ডারি লাইনের বাইরে কী হচ্ছে সেদিকে এত মনোযোগ দিলে হবে না। দর্শক যে দলের পক্ষে থাকবে সেই দল মোমেন্টাম পেলে অবশ্যই শোরগোল বেশি হবে। তবে আমরা ভালো করে তাদের চুপ করিয়ে দিতে চাই। গ্যালারিকে যতটা পারা যায় নীরব রাখার চেষ্টাই করব আমরা।’