ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কোপায় কোন দলের টিকিটের মূল্য বেশি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২২, ১২ জুন ২০২৪
ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কোপায় কোন দলের টিকিটের মূল্য বেশি?
ফাইল ছবি

আর মাত্র ৮ দিন পরই শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর। লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এবারের আসরটি একটু আলাদা। কারণ এবার শুধু দক্ষিণ আমেরিকা নয়, খেলছে উত্তর আমেরিকার ছয়টি দেশও। ২১ জুন শুরু হতে যাওয়া এই আসর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

মহাদেশীয় এই আসর শুরু হওয়ার আগে আসরে অংশগ্রহণকারী দেশগুলোর ম্যাচের টিকিটের দাম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ার্ল্ড সকার রিভিউ। যেখানে দেখা যাচ্ছে কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচের টিকিট দ্রুত বিক্রি হয়ে গেছে।

শুধু বিক্রিতেই শেষ নয়, আর্জেন্টিনার অধিনায়ক ও সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষার ফলে টিকিট পুনরায় বিক্রির বাজারে দাম বেড়ে গেছে। জানা গেছে, আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিনটি ম্যাচের টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়ে যায়।

Advertisement

এ কারণে বিকল্প টিকিট মার্কেটগুলোতে টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের অন্যান্য দেশের তুলনায় আর্জেন্টিনার ম্যাচগুলোর জন্য টিকিটের দাম বেশি নির্ধারণ করেছে। এমনকি তা স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র ও ফুটবল পরাশক্তি ব্রাজিলের থেকেও বেশি।

টুর্নামেন্টে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের টিকিটের প্রাথমিক মূল্য ২১৫ ডলার থেকে শুরু। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৫ হাজার টাকা। যা দ্রুত বেড়ে ২৮০ ডলার পর্যন্ত চলে যায়। বর্তমানে বৈধ পথে এই টিকিটি ক্রয়ের কোন উপায় নেই।

টিকিট পুনরায় বিক্রির প্ল্যাটফর্মেও এর দাম অত্যাধিক বেড়ে গেছে। টিকিটমাস্টারে এগুলোর মূল্য সর্বনিম্ন ৩০৩ ডলার দেখাচ্ছে। ভিভিড সিটস-এ যা ২৪৪ ডলার থেকে শুরু হয়েছে। অন্যান্য দলের গ্রুপ স্টেজের ম্যাচগুলোর জন্য টিকিটের দাম আবার উল্লেখযোগ্যভাবে কম। 

মেটলাইফ স্টেডিয়ামে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ এবং হার্ড রক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে ম্যাচের পুনরায় বিক্রয়ের টিকিটের দাম টিকিটমাস্টারে যথাক্রমে ৩৫৮ এবং ৪৭৪ ডলার থেকে শুরু হয়েছে। ভিভিড সিটসে চিলির ম্যাচের জন্য ২৬৩ এবং পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ৩৫৪ ডলার থেকে টিকিট পাওয়া যাবে।

আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচগুলোর জন্য প্রিমিয়াম মূল্য নির্ধারণ করা হয়েছে। কারণ দুটি দেশই বিশ্ব ফুটবল শক্তিশালী এবং ভক্তদের পছন্দের দল। তবুও ব্রাজিলের ম্যাচের টিকিট মূল্য আর্জেন্টিনা থেকে অনেক কম। মাত্র ৯১ ডলার খরচ করলেই দেখা যাবে ব্রাজিল ও কোস্টারিকার ম্যাচ।

কোপা আমেরিকার অন্যান্য ম্যাচগুলোর টিকিট তুলনামূলকভাবে অনেক সস্তা। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। যে ম্যাচের টিকিট মাত্র ৬০ ডলার থেকে শুরু হয়েছে। ইকুয়েডর বনাম ভেনেজুয়েলা এবং পেরু বনাম চিলির ম্যাচের টিকিটের দাম শুরু হয়েছে যথাক্রমে ৪৫ এবং ৫০ ডলার থেকে।

যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে প্রীতি ম্যাচ খেললেও এই টুর্নামেন্টটি আমেরিকান ভক্তদের জন্য একটি বিরল সুযোগ। আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদের গ্রুপে শীর্ষে থাকলে তারা কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে পারে। তখন টিকিটের দাম আরো বাড়তে পারে।

১৪টি শহরে অনুষ্ঠিতব্য ২০২৪ কোপা আমেরিকা আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হবে। যা অনুষ্ঠিত হবে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ ১৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!