পিএনজিকে উড়িয়ে সুপার এইটে আফগানিস্তান
চলমান টি-২০ বিশ্বকাপে নিজেদের নতুনভাবে চেনাচ্ছে আফগানিস্তান। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর আজ পাপুয়া নিউ গিনিকেও উড়িয়ে দিয়েছে তারা। একইসঙ্গে সুপার এইটে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে আফগানরা।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনি। জবাবে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় আফগানিস্তান। বাকি ছিল আরো ২৯ বল।
আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। বল হাতে শুরু থেকেই উইকেটের দেখা পেতে থাকে তার দল। ৫০ রানের মাঝেই তুলে নেয় ৭ উইকেট। শেষদিকের ব্যাটারদের দৃঢ়তায় লড়াই করার মতো পুঁজি পায় পিএনজি।
.png)
পাপুয়া নিউ গিনির হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন কিপলিন ডোরিগা। এছাড়া আলেই নাও ১৩ ও টনি উরা ১১ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। আফগানদের হয়ে ফজল হক ফারুকি তিনটি ও নাভিন উল হক দুটি উইকেট নেন।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে আজ অল্পেই ফিরে যান দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। গুরবাজ ১১ রান করলেও খাতা খুলতে পারেননি ইব্রাহিম। চারে নামা আজমতউল্লাহ ওমরজাই ফেরেন ১৩ রানে।
গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবীর ব্যাটে বাকি পথ সহজেই পেরিয়ে যায় আফগানিস্তান। এ দুই ব্যাটার যথাক্রমে ৪৯ ও ১৬ রানে অপরাজিত থাকেন। পাপুয়া নিউ গিনির হয়ে নাও, সেমো কামিয়া ও নরমান ভানুয়া একটি করে উইকেট নেন।