ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির চোখে ‘অবিশ্বাস্য’, মাশচেরানো বললেন ‘সার্কাস’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ২৫ জুলাই ২০২৪
মেসির চোখে ‘অবিশ্বাস্য’, মাশচেরানো বললেন ‘সার্কাস’
কোলাজ: ডেইলি বাংলাদেশ

নাটকীয় হার দিয়ে অলিম্পিকের ফুটবল ইভেন্টটা শুরু করেছে আর্জেন্টিনা। বুধবার মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যরা।

এদিন ম্যাচের যোগ করা সময়ের ১৬তম মিনিটে গোল করে ম্যাচ ড্র করে আর্জেন্টিনা। এরপর শুরু হয় বেশ কয়েকটি বিতর্কিত কাণ্ড। মরক্কোর কিছু দর্শক নেমে আসে মাঠে, গ্যালারি থেকে আর্জেন্টাইন ফুটবলারদের ব্যু দেওয়ার পাশাপাশি বোতল বৃষ্টিও দেখা যায়।

প্রায় দেড় ঘণ্টা পর খেলা শুরু হয়ে খেলা চলে মাত্র তিন মিনিট। সব নাটকীয়তা শেষে রেফারি আর্জেন্টিনার গোলটি বাতিল ঘোষণা করেন। ভিএআর দেখে জানা যায়, ক্রিস্টিয়ান মেদিনার পায়ের পাতার কিছু অংশ অফসাইডে ছিল। পরে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মাসচেরানোর দলকে।

Advertisement

ম্যাচটি টিভিতে দেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আর গোল বাতিলের পরই ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা যায় তাকে। ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি লিখেন, ‘অবিশ্বাস্য’!এই এক শব্দের সঙ্গে মেসি যুক্ত করে দেন বিস্ময়সূচক ইমোজিও।
 
ম্যাচ শেষে অবশ্য নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ মাশচেরানোও। পুরো ম্যাচকে তিনি সার্কাস হিসেবেই অভিহিত করেছেন। 

আয়োজকদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমার জীবনে দেখা এটাই সবচেয়ে বড় সার্কাস। জানি না একটি খেলার মুহূর্ত রিভিউ করতে তারা কেন ১ ঘণ্টা ২০ মিনিট সময় নিল। মেদিনার গোলে যদি অফসাইড হয়, তবে ম্যাচটি সেভাবেই চালিয়ে যাওয়া যেত। আমার মনে হয় না দেড় ঘণ্টা বিরতি নিয়ে ম্যাচটি আবারও তিন মিনিটের জন্য খেলার প্রয়োজন ছিল।’

আগামী শনিবার আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ ইরাক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!