কানাডায় অভিষেক রাঙালেন শরিফুল
কানাডার গ্লোবাল টি-২০ লিগে নিজের প্রথম ম্যাচেই আলো কেড়েছেন শরিফুল ইসলাম। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও এই পেসার পেয়েছেন রানের দেখা। ৪ বলে ৮ রানের ওই ইনিংসে অবশ্য দলকে জেতাতে পারেননি টাইগার বোলার।
শরিফুল ভালো পারফর্ম করলেও ব্যাট এবং বল কোনো দিকেই দিনটি ভালো কাটেনি সাকিব আল হাসানের। ৪ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি বাংলা টাইগার্স অধিনায়ক। ব্যাট হাতে ৬ বল খেলে করেছেন মাত্র ৩ রান। আয়ান আফজাল খানের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অলরাউন্ডার।
শুক্রবার (২৬ জুলাই) রাতে গ্লোবাল টি-২০ লিগের দ্বিতীয় ম্যাচে মন্ট্রিয়েল টাইগার্সের মুখোমুখি হয় সাকিব এবং শরিফুলের বাংলা টাইগার্স মিসিসাগা। ম্যাচে সাকিবদের ৩৩ রানে হারিয়েছে মন্ট্রিয়েল টাইগার্স। মন্ট্রিয়েলের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৬ রানে থেমেছে সাকিবের দল।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে টস জিতে শুরুতে মন্ট্রিয়েলকে ব্যাটিংয়ে পাঠান সাকিব। দ্বিতীয় ওভারে অধিনায়ক ক্রিস লিনের উইকেট হারালেও অ্যাগার ও টিম সাইফার্ট আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। দলীয় শতরান পেরোনোর পর কিছুটা খেই হারিয়ে ফেলে মন্ট্রিয়েল।
ডেভিড ভিসার দারুণ বোলিংয়ে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় দলটি। সেখান থেকে আবার মন্ট্রিয়েলকে ম্যাচে ফেরান দিলপ্রীত বাজওয়া এবং বেন মানেন্তি। এই দুজনের ব্যাটে ভর করে বাংলা টাইগার্সকে ১৯০ রানের লক্ষ্য দেয় মন্ট্রিয়েল। ২২ বলে ৪০ রান করা বিধ্বংসী মানেন্তিকে ১৯তম ওভারে আউট করেন শরিফুল।
লক্ষ্যতাড়ায় নেমে দলীয় ২৬ রানে হজরতউল্লাহ জাজাইয়ের উইকেট হারায় বাংলা টাইগার্স। তিনে নেমে সাকিবও কোনো প্রভাব রাখতে পারেননি। চারে নামা ইফতিখার আহমেদের সঙ্গে ভালো একটি জুটি গড়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তবে ৩৯ বলে ৬৪ রান করে গুরবাজ ফেরার পর আর খেলায় ফিরতে পারেনি বাংলা টাইগার্স। ২৪ বলে ২৮ রান করেছেন ইফতিখার।