সাবেক ক্রিকেটার ডোড্ডা গণেশ কেনিয়ার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। নাইরোবির শিখ ইউনিয়ন ক্লাবে কেনিয়া ক্রিকেটের কর্তাদের সঙ্গে দেখা করেন গণেশ। তারপরেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।
গণেশের কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তার অধীনে কেনিয়া সেপ্টেম্বরে আইসিসি ডিভিশন ২ চ্যালেঞ্জ লিগ খেলবে। সেখানে পাপুয়া নিউগিনি, কাতার, ডেনমার্ক এবং জার্সির বিরুদ্ধে খেলবে তারা। এরপর অক্টোবরে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব রয়েছে।
.png)
লামেক ওনিয়াঙ্গোকে সরিয়ে কোচ হয়েছেন গণেশ। তবে তাকে সহায়তা করার জন্য ওনিয়াঙ্গো থাকছেন। পাশসাপাশি জোসেফ আঙ্গারা এবং জোসেফ আসিচিকেও সহকারী হিসাবে রাখা হয়েছে। আপাতত বিশ্বকাপে ফেরাই মূল লক্ষ্য কেনিয়ার কোচের।
২০০৩ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল কেনিয়া। তারপর থেকে দলটির পারফরম্যান্সের রেখচিত্র ক্রমশই নীচের দিকে গেছে। গণেশ বলেন, অতীতের কথা মনে রাখতে চাই না। কেনিয়াকে বিশ্বকাপে নিয়ে যাওয়াই আমার প্রথম লক্ষ্য।
তিনি আরো বলেন, ক্রিকেটারদের মধ্যে দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমের ইচ্ছা দেখেছি। আমি বিশ্বাস করি, কেনিয়ানদের মধ্যে সেরা হওয়ার একটা বাসনা বরাবর রয়েছে। ইউটিউবে কেনিয়ার অনেক ম্যাচ দেখে ওদের প্রতিভায় মুগ্ধ হয়েছি।