ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তান সিরিজের জন্য ইংল্যান্ড দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৪
পাকিস্তান সিরিজের জন্য ইংল্যান্ড দল ঘোষণা
ফাইল ছবি

ঘরের মাঠে শ্রীলংকার কাছে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ইনজুরির কারণে এ সিরিজে অনুপস্থিত ছিলেন লাল বলের নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। তাকে যুক্ত করে পাকিস্তান সফরের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ দল ঘোষণা করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টোকস ছাড়াও চোট কাটিয়ে দলে ফেরানো হয়েছে ওপেনার জ্যাক ক্রলিকে। এছাড়া দুজন অনভিষিক্ত ক্রিকেটারও প্রথমবার এই সিরিজে ডাক পেয়েছেন।

এ দু’জন হলেন পেসার ব্রাইডন কার্স ও ব্যাটার জর্ডান কক্স। লাল বলের ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করার সুবাদে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তারা। দীর্ঘ ৮ মাস পর দলে ডাকা হয়েছে জ্যাক লিচকেও।

Advertisement

আগামী ৭ অক্টোবর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। এর আগে ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ড। সেবার ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় থ্রি লায়ন্সরা।

দাপুটে জয়ের সেই সিরিজে খেলা আটজন ক্রিকেটার রয়েছেন এবারের স্কোয়াডে। দুই দলের জন্যই এই সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা প্রথমবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। যার ফলে তারা সমালোচনায় বিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত।

সমালোচনা থামাতে হলে এ সিরিজে ঘুরে দাঁড়ানো ছাড়া অন্য বিকল্প নেই বাবর-শান মাসুদদের সামনে। অন্যদিকে লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও শেষ ম্যাচে পরাজয়ের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ছয়ে নেমে গেছে ইংলিশরা।

ভেন্যু জটিলতায় আসন্ন সিরিজটি পাকিস্তানে হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিলেও শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে দেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। সিরিজের দুটি ভেন্যু হিসেবে মুলতান ও রাওয়ালপিন্ডির নাম ঘোষণা করেন তিনি।

আগামী ৭, ১৫ ও ২৪ অক্টোবর তিনটি টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।

ইংল্যান্ডের স্কোয়াড
বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জশ হাল, জ্যাক লিচ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, ওলি স্টোন ও ক্রিস ওকস।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!