ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, কুয়াইশো এবং ওয়েইবোসহ একাধিক প্ল্যাটফর্মে সক্রিয় রোনালদো এই অর্জন ছবি পোস্ট দিয়ে উদযাপন করেছেন। সকল অনুসারীদের কৃতজ্ঞতাও জানান সিআর সেভেন। ইংরেজিতে 1B আকৃতির মধ্যে ক্যারিয়ারের স্মরণীয় বেশ কয়েকটি মুহূর্তের ছবি বসানো ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন- ১০০ কোটির স্বপ্ন, একটি যাত্রা।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি। ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি। আমাদের ভাগাভাগি করে নেয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরো অনেক কিছুর প্রমাণ।’
.png)
পর্তুগালের মাদেইরায় অভাবী পরিবারে বেড়ে ওঠা অতীতকে স্মরণ করে ৩৯ বর্ষী তারকা আরো লিখেছেন, ‘মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত, আমি সব সময় আমার পরিবার এবং আপনাদের (সমর্থকদের) জন্য খেলেছি। এখন আমরা ১০০ কোটি মানুষ একত্রিত হয়েছি।’
সমর্থকদের পাশাপাশি শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এবং ইতিহাস তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে রোনালদো সকল অনুসারীদের ধন্যবাদ জানান। পোস্টের শেষে লিখেছেন, ‘আমার এ যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে, সব উত্থান-পতনে আপনারা আমার সঙ্গী হয়েছেন। এই যাত্রা আমাদের যাত্রা এবং আমরা একসঙ্গে দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই। আমার উপর বিশ্বাস রাখার জন্য, সমর্থনের জন্য এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সেরাটা আসতে এখনো বাকি আছে। আমরা একসঙ্গে এগিয়ে যাব, জিতবো এবং ইতিহাস সৃষ্টি করতে থাকবো।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোনালদোর ইনস্টাগ্রামে ৬২৮ মিলিয়ন অনুসারী, এক্স হ্যান্ডলে ১১৩ মিলিয়ন অনুসারী ও ফেসবুকে ১৭০ মিলিয়ন অনুসারী রয়েছেন। তার ইউটিউব চ্যানেলে আছেন ৬০.৬ মিলিয়ন সাবস্ক্রাইবার। এই তারকা ফুটবলারের চীনা প্ল্যাটফর্ম কুয়াইশোতে ৯.৪ মিলিয়ন এবং ওয়েইবোতে ৭.৫ মিলিয়ন অনুসারী রয়েছে।