বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে থাকবেন না গিল
টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে এরই মধ্যে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চিপকে ১৯ সেপ্টেম্বর টেস্ট দিয়ে মাঠে গড়াবে দুই দলের খেলা। কানপুরে দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর। ৩ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে আগামী ৬ অক্টোবর।
ভারতের প্রথম টেস্টের দলে রয়েছেন শুভমান গিল। তবে টি-২০ সিরিজে এ ফরম্যাটের সহ-অধিনায়ককে বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ওয়ার্কলোডের কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত বোর্ডের।
বাংলাদেশের সফর শেষে অক্টোবরেই ভারতে আসবে নিউজিল্যান্ড। ওই সিরিজে তিনটি টেস্ট খেলবে দুদল। ১৬ অক্টোবর ব্যাঙ্গালুরুতে প্রথম ম্যাচ, পুনেতে দ্বিতীয়টি ২৪ অক্টোবর। ১ নভেম্বর সবশেষ ম্যাচটি গড়াবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
.png)
ওই সিরিজের জন্য গিলকে গুরুত্বপূর্ণ মনে করছে বিসিসিআই। বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘হ্যাঁ, শুভমান বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে বিশ্রামে থাকবে।
যদি ফিকশ্চারের দিকে তাকানো হয়, দেখা যাবে অক্টোবরে ৩টি টি-২০, ৬ অক্টোবর, ৯ অক্টোবর ও ১২ অক্টোবর। ১৬ অক্টোবর থেকে টেস্ট। তিন দিনের মাঝেই আরেকটি সিরিজ, এ কারণে গিলকে বিশ্রাম দেয়া দরকার।’
টি-২০ বিশ্বকাপ মিস করা গিল সবশেষ শ্রীলংকার বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজেও খেলেছেন। জাতীয় দলের হয়ে ২৫টি টেস্ট, ৪৭টি ওয়ানডে ও ২১টি টি-২০ খেলেছেন তিনি।