ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন ফারুক আহমেদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৫, ৮ অক্টোবর ২০২৪
হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন ফারুক আহমেদ
চন্ডিকা হাথুরুসিংহে

দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এসেছে পরিবর্তন। নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবির সভাপতি এখন ফারুক আহমেদ। সাবেক এই অধিনায়ক ক্ষমতা গ্রহণ করার পর ঝুলে গেছে বাংলাদেশের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ।

এই লঙ্কান কোচের বিকল্প খোঁজার কথা সরাসরিই জানিয়েছিলেন ফারুক। কিন্তু পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করায় চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে সমালোচনায় অনেকটাই ভাটা পড়ে গিয়েছিল। পায়ের নিচে কিছুটা হলেও মাটি খুঁজে পেয়েছিলেন এই লঙ্কান কোচ।

কিন্তু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণের পর প্রথম টি-২০তেও পাত্তা পায়নি বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর ফের হাথুরুসিংহের ভবিষ্যতের প্রসঙ্গ সামনে আসছে।

Advertisement

গতকাল সোমবার (৭ অক্টোবর) বিসিবির বোর্ড মিটিং শেষে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন সভাপতি ফারুক আহমেদ। আলাপকালে হাথুরুসিংয়ের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, 'দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারব না…।'

হাথুরুর ব্যাপারে যে আগের অবস্থানেই আছেন ফারুক, সেটি নিশ্চিত করেছেন এর পরেই,  'নাহ, রাখব না। এটার জন্য সময় দিতে হবে। এখনও কিন্তু ছয় মাস বাকি আছে মেয়াদের। এখনও তিনটি সিরিজ আছে সামনে, ছয় মাস সময় আছে।

আমরা চেষ্টা করছি, ইতিবাচক কিছু তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি যদি কিছু না করি, ফলপ্রসূ কিছু না পেলেও হুট করে সিদ্ধান্ত নিতে পারব না। তবে এটা এখনও আমাদের চিন্তায় আছে, মাথায় আছে এটা। খুব শিগগিরই দেখতে পাবেন, আগের মতোই বলছি…।'

দল নির্বাচনে হাথুরুসিংহের হস্তক্ষেপের প্রতিবাদেই জাতীয় দলের প্রধান নির্বচকের পদ ছেড়েছিলেন ফারুক। বিসিবির সভাপতি হয়ে ফেরার পর তাই তাকে প্রশ্ন করা হয়েছিল, হাথুরুসিংহে টাইগারদের কোচের পদে থাকবেন কিনা?

সে সময় তিনি বলেছিলেন,  'চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।'

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!