ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্ত এসেছে, এবারের আইপিএলেও থাকবে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। তবে ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট থেকে এই নিয়ম তুলে নেয়া হচ্ছে।
নানা বিতর্কের পরেও আইপিএলে ২০২৭ মৌসুম পর্যন্ত ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকছে। এমন সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তবে মোস্তাক আলী টি-২০ ট্রফিতে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মোস্তাক আলী টি-২০ ট্রফির আগামী আসরে থাকছে না ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম।
.png)
সোমবার (১৪ অক্টোবর) বিসিসিআই প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বলেছে, ‘বিসিসিআই চলতি মৌসুমের জন্য ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সৌরাস্ট্রর প্রধান কোচ নিরাজ ওডেডরা। তিনি বলেন, ‘এটা দারুণ এক পরিবর্তন। এই নিয়মটি তো আইসিসির মেজর টুর্নামেন্টে নেই। যারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে ভারতের জন্য খেলতে চায়, তাদের জন্য ভালো হবে।’
আইপিএলের গত আসরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বেশির ভাগ ম্যাচে খেলেছেন শিবম দুবে। তাকে মূলত ব্যাটার হিসেবে ব্যবহার করেছে চেন্নাই সুপার কিংস। অনেক দলই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে সুবিধা পেয়েছে।
এই নিয়মের ফলে ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ডার উঠে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি যে হতে পারে, সেই আশঙ্কা থেকেই সম্ভবত এমন সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের।