দ্য হান্ড্রেডের দল কিনতে চায় আইপিএলের ৬ ফ্র্যাঞ্চাইজি
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনতে আগ্রহ প্রকাশ করেছে আইপিএলের ৬ দলের মালিকপক্ষ। যার ভেতর আছে চেন্নাই, মুম্বাই, কলকাতা। এরই মধ্যে তারা দরপত্র জমা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখা যাবে ভারতীয় মালিকানা। আরো স্পষ্ট করে বললে আইপিএলের দলের মালিকরা এবার দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনতে চলেছে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২১ সালে প্রথমবারের মত আয়োজন করে দ্য হান্ড্রেড। এরই মধ্যে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তাও পেয়েছে এই লিগ। ইসিবির পক্ষ থেকে এই লিগে দলের মালিকানা কিনতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়।
সেখানে আইপিএলের চেন্নাই, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি, লখনৌ ও নারী আইপিএলের ইউপি ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির অংশীদারিত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে।
ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম স্বত্বাধিকারী আভরাম গ্লেজারের প্রতিষ্ঠান ল্যান্সার ক্যাপিটালসও হান্ড্রেডের দল নিতে আগ্রহী। আরব আমিরাতের টি-২০ লিগ দল ডেজার্ট ভাইপার্সের মালিকানায় আছে গ্লেজার পরিবার।
হান্ড্রেডের ৮ ফ্র্যাঞ্চাইজির ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করবে ইসিবি। যার জন্য গুনতে হবে ৪০ থেকে ৫০ মিলিয়ন পাউন্ড। বাকি ৫১ শতাংশের মালিকানা থাকবে কাউন্টি দলের অধীনে। যেটা ইসিবি থেকে তারা পাবে উপহার হিসেবে।
ভবিষ্যতে সেখান সেই ৫১ শতাংশ শেয়ারের অংশ বিক্রি করার সুযোগ থাকবে কাউন্টিগুলোর।