মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এমন আশার বাণী শুনালেন মুশতাক আহমেদ। পাকিস্তান সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তনের সুখস্মৃতি মনে করিয়ে দিয়ে জয়ের স্বপ্নটা দেখাতে চাইলেন বাংলাদেশ দলের স্পিন কোচ।
তৃতীয় দিনেই মিরপুর টেস্টে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল ইনিংস পরাজয়। ২০২ রানে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় ইনিংসে ১১২ রানে ছয় উইকেট হারিয়ে এমন পরিণতি যেন হয়ে উঠছিল অনিবার্য। সেখান থেকে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। তাতেই ব্যাকফুট থেকে ফ্রন্টফুটে যাওয়ার পথে স্বাগতিকরা।
.png)
বাংলাদেশ কত দলীয় স্কোর তুলতে চায়, এমন প্রশ্নের জবাবে মুশতাক বলেন, ‘যত বেশি রান করা যায়। যত বেশি সময় সম্ভব রান করা যায়। যত লিডই হোক, আমাদের জয়ের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো দলকে চ্যালেঞ্জ করা যায়। তাই এখন যত বেশি সম্ভব রান চাই।’
হাতে তিন উইকেট রেখে ২০০ রানের লিড সম্ভব কিনা- জানতে চাইলে তার ভাষ্য, ‘২০০ রান কেন নয়? ২৬/৬ থেকে আমরা টেস্ট জিতেছি। এই বিশ্বাস রাখতে হবে। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কোচিং স্টাফ, এই বিশ্বাস ছড়িয়ে দেই। সব পরিস্থিতিতেই বিশ্বাস রাখতে হবে। আমি সবসময় বিশ্বাস করেছি, দল হিসেবে বিশ্বাস রাখলে, ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস রেখে প্রক্রিয়া অনুসরণ করলে যেকোনো পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।’
জয়ের ব্যাপারে আশাবাদী মুশতাক আবারো সেই প্রশ্ন করলে মুশতাক আবারো পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পরও ম্যাচ জয়ের স্মৃতির কথা তুলে ধরেন।
‘২৬/৬ থেকে ম্যাচ জিতেছি। ইনশাআল্লাহ এই ম্যাচও জিততে পারে। এই বিশ্বাসটাই শুধু রাখতে হবে। বিশ্বাস হলো সেই জিনিস, আপনি জানেন কোন প্রক্রিয়ায় জিততে হবে এবং হাল ছেড়ে দেবেন না। তাইজুল (প্রথম ইনিংসে) দারুণ ব্যাট করেছে। ১৬ রানের মতো করেছে, এটাই লড়াই। হাল ছাড়া যাবে না। মানুষ যাতে তোমাকে নিয়ে আশা করতে পারে।’
তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা ১০৬ ও দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান করেছে। স্বাগতিকদের লিড ৮১ রান।