ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চীনকে হারিয়ে এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪২, ৪ ডিসেম্বর ২০২৪
চীনকে হারিয়ে এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ 
ফটো- সংগৃহীত

থাইল্যান্ডের বিপক্ষে জয়ে আগামী বছর হতে চলা জুনিয়র হকির বিশ্বকাপে প্রথমবারের মতো খেলা আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার স্থান নির্ধারনী ম্যাচে চীনকে ৬-৩ গোলে হারিয়ে পঞ্চম হয়ে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ মিশন শেষ করেছে লাল-সবুজের দল।

ওমানের রাজধানী মাসকটে বুধবার (৪ ডিসেম্বর) ম্যাচের প্রথম কোয়ার্টার ১-১ গোলের সমতায় ছিল। পরের কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল পায়। বিপরীতে চীন একটি গোল করে। ৪-২ স্কোরলাইন নিয়ে দুই দল বিরতিতে যায়।

পরের কোয়ার্টারে বাংলাদেশ গোল পায়নি। চীন একটি গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৩। চতুর্থ কোয়ার্টারের শুরুতে লাল-সবুজের জার্সিধারীরা জালের দেখা পায়। খেলার শেষ মুহূর্তে তারা আরেকটি গোল আদায় করে নেয়।

Advertisement

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ দল দেশে এসে পৌঁছাবে। দুপুরে ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধানখেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেবেন। 

গত মঙ্গলবার অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডের বিপক্ষে ৭-২ গোলের জয়ে আগামী বছর হতে চলা জুনিয়র হকির বিশ্বকাপে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। বি-গ্রুপের তৃতীয় হয়ে বাংলাদেশ  এ-গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের ৫-৯ স্থান নির্ধারণী ম্যাচের জন্য মুখোমুখি হয়েছিল।

আগামী বছরের ডিসেম্বরে ভারতে বসবে জুনিয়র হকির বিশ্বকাপের ১৪তম আসর। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করবে। যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!