ব্যক্তিগত ১৫ রানে রাদারফোর্ডের বলে মিড অনে ব্রেন্ডন কিংয়ের ক্যাচে পরিণত হয়ে ফিরেছেন আফিফ হোসেন। তাতে রানের গতি ছোটাতে থাকা বাংলাদেশ খেয়েছে ধাক্কা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরকারীদের সংগ্রহ ৩২ ওভারে ৫ উইকেটে ১৭২ রান। মাহমুদউল্লাহ রিয়াদ এক ও জাকের আলী অনিক শূন্য রানে ক্রিজে আছেন।
.png)
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ওভারের উইকেট হারাতে পারতো। জোসেফের চতুর্থ বলে প্রথম স্লিপে সৌম্য সহজ ক্যাচ উঠালেও ব্রেন্ডন কিং সেটি তালুবন্দি করতে পারেননি।
অতিথিরা অবশ্য ইনিংসের তৃতীয় ওভারেই পায় জোড়া আঘাত। জোসেফের করা দ্বিতীয় বলে পুল খেলতে যান রানের খাতা না খোলা তানজিদ তামিম। বল তার ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। মিড অফে থাকা শেরফানে রাদারফোর্ড সহজ ক্যাচ নেন। দুই বল পরেই ডাক মারেন লিটন। অফ স্টাম্পের বাইরের বল চালিয়ে স্লিপে ব্রেন্ডন কিং তা লুফে নেন।
পাল্টা আক্রমণে দলকে চাপমুক্ত করার কাজটা ভালোভাবেই মিরাজের সঙ্গে করেছেন সৌম্য। তৃতীয় উইকেটে তারা গড়েছেন ১৩৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। গুডাকেশ মোতির বলে লেগ বিফোরে কাটা পরার আগে সৌম্য ৭৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রানের সুন্দর ইনিংস উপহার দেন।