ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিরিজ নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা, সমতা টানার লক্ষ্য পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ১৩ ডিসেম্বর ২০২৪
সিরিজ নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা, সমতা টানার লক্ষ্য পাকিস্তানের
ডেভিড মিলার (বামে) ও শাহিন শাহ আফ্রিদি

টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি রেখেই তিন ম্যাচের টি-২০ সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে প্রোটিয়ারা। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না পাকিস্তান। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সেঞ্চুরিয়ানে বাংলাদেশ সময় রাত ১০টায় সিরিজের দ্বিতীয় টি-২০ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ডারবানে সিরিজের প্রথম ম্যাচে ১১ রানে জয় পায় স্বাগতিকরা। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারানোর পরও ডেভিড মিলার ও জর্জ লিন্ডের দারুণ ব্যাটিং নৈপুন্যে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। মিলারের ব্যাট থেকে আসে ৪০ বলে ৮২ রান। তার দুর্দান্ত ইনিংসে ৪টি চার ও ৮টি ছক্কা ছিল।

Advertisement

মিলার ফিরলে পাকিস্তানের বোলারদের উপর ছড়ি ঘোরাতে থাকেন তিন বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামা লিন্ডে। তিনি ৩টি চার ও ৪টি ছক্কায় ২৪ বলে ৪৮ রান করেন। 

১৮৪ রানের লক্ষ্যে বড় জুটি গড়তে পারেনি পাকিস্তান। দলের পক্ষে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬২ বলে সর্বোচ্চ ৭৪ রান করলেও সেটি কাজে আসেনি। পাকিস্তানের ইনিংসের ১৫ ওভার পর্যন্ত রিজওয়ানের টেস্ট মেজাজের ব্যাটিংয়ে রান রেটের চাপে পড়ে দল। ঐ সময় ৪৪ বলে ৩৬ রান করেছিলেন রিজওয়ান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭২ রান করে থামে পাকিস্তান।

ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলার পর বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার লিন্ডে। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেও দলকে জয় উপহার দিতে চান বলে মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করেছি। মিলারের দুর্দান্ত ইনিংসের পর দলের বোলাররা দারুণ করেছে। আশা করি, পরের ম্যাচে ব্যাটার ও বোলাররা একত্রে জ্বলে উঠবে। প্রথম ম্যাচে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দ্বিতীয় ম্যাচেও দলের জয়ে বড় অবদান রাখতে চাই।’

প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ পাকিস্তান। বল হাতে ৩টি করে উইকেট নিলেও দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ থেকে বঞ্চিত করতে পারেনি পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও লেগ স্পিনার আবরার আহমেদ। রিজওয়ানের মতো বড় রান পাননি অন্য কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে সাইম আইয়ুবের ব্যাটে। 

তাই ব্যাটারদের কাছ থেকে দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশা রিজওয়ানের। তিনি বলেন, ‘আমাদের মিডল অর্ডার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ। তাদের আরও দায়িত্বশীল হতে হবে এবং বড় ইনিংস খেলতে হবে। ব্যাটাররা যদি বড় ইনিংস খেলতে না পারে, তাহলে টি-২০তে ম্যাচ জেতা কঠিন। আশা করি দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠবে ব্যাটাররা।’

এখন পর্যন্ত টি-২০ ফরম্যাটে ২৩ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ১২টিতে জয় পাকিস্তানের। ১১টি জিতেছে দক্ষিণ আফ্রিকা।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!