ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বললেন শেখ মেহেদী

আমার ভেতর বিশ্বাসটা ছিল, হাসান ম্যাচটা শেষ করবে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৪
আমার ভেতর বিশ্বাসটা ছিল, হাসান ম্যাচটা শেষ করবে
হাসান মাহমুদ

শেষ ওভারে বল হাতে নিয়ে গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে ভূমিকা রেখেছিলেন হাসান মাহমুদ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে ১০ রানের সমীকরণের সামনে নিজের দক্ষতা দেখিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে দলকে দিলেন বিজয়ের স্বাদ। 

হাসানের শেষ ওভারের প্রথম বলে এক রান নেন আলজারি জোসেফ। এরপর রোভম্যান পাওয়েল দ্বিতীয় বলে রান নিতে পারেননি। ওয়াইড ইয়র্কারে ব্যাট চালাতে গিয়ে তৃতীয় বলে বোল্ড হন ৩৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলা পাওয়েল। চতুর্থ বলে বাই সূত্রে এক রান এলেও পরের বলেই জোসেফকেও বোল্ড করে ম্যাচ শেষ করেন এই ডানহাতি পেসার।

বল হাতে ৪ উইকেট ও ব্যাটিংয়ে ২৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতা শেখ মেহেদী হাসানের মুখেও তাই হাসানের প্রশংসা। অতীত স্মৃতির কারণেই শেষ ওভারে তার উপর আস্থা ছিল বলে মন্তব্য করেন।

Advertisement

‘হাসান আবারো নিজেকে প্রমাণ করেছে। আয়ারল্যান্ড সিরিজে ডেথ ওভারে হাসান একটি ম্যাচ জিতিয়েছি। ওই ম্যাচের কথা আমার মনে পড়ছিল। আমার অনুভূতি হচ্ছিল হাসান হয়তো পারবে। হাসানের বিশ্বাস ছিল কিনা জানি না। আমার নিজের ভেতর সেই বিশ্বাসটা ছিল যে, হাসান হয়তো ম্যাচটা শেষ করবে। আলহামদুলিল্লাহ শেষ ওভারে হাসান অসাধারণ বল করেছে।’ 

ক্যারিবীয়রা ৬১ রানে ৭ উইকেট হারালেও পাওয়েলের ব্যাটে ঘুরে দাঁড়ায়। অষ্টম উইকেটে রোমারিও শেফার্ডের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নিচ্ছিলেন। পরিস্থিতি সামলে শেষ পর্যন্ত এসেছে জয়। 

এ ব্যাপারে মেহেদী বলেন, ‘আমরা কী আরামে জিতেছি? সবকিছু কষ্ট করেই হয়েছে। সবাই জেতার জন্য অনেক ক্ষুধার্থ ছিল। প্রত্যেকটা প্লেয়ারই জেতার জন্য মুখিয়ে ছিল। এ কারণেই আমরা সফল হতে পেরেছি।’ 

উইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করতে পারলেও ওয়ানডে সিরিজে টাইগারদের পেতে হয়েছে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ। তবে জয় দিয়ে টি-২০ সিরিজ শুরুর পর এখন ট্রফি জয়ের আশায় মেহেদী বুক বাঁধছেন।

‘টেস্ট সিরিজে আমরা জয় দিয়ে শুরু করেছিলাম। ওয়ানডে ভালো শুরু করেও ধরে রাখতে পারিনি। বিজয়ের মাসে টি-২০তে শুরুটা ভালো হলো। সামনে আরো দুটি ম্যাচ আছে। সিরিজ জেতার জন্য যা কিছু করতে হবে, প্রস্তুত আছে সবাই।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!