ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই এই হার দুশ্চিন্তার বিষয়। দুটি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে একই ধরনের ভুল করেছি। এই জায়গায় মনোযোগ দিতে হবে। আজকের উইকেট বোলারদের জন্য আরও বেশি সহজ ছিল। প্রতিপক্ষের ১২৯ রান টপকাতে না পারা কোনোভাবেই ভালো নয়।’
১৩০ রানের লক্ষ্য বাংলাদেশি বোলারদের অসাধারণ পারফরম্যান্সে হয়ে ওঠে অনেক কঠিন। তাদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থ ও সময়মতো উইকেট শিকার বাংলাদেশকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। উইন্ডিজ ৯ বল বাকি থাকতে ১০২ রানে গুটিয়ে যায়।
.png)
সিরিজের প্রথম ম্যাচ হারের পর ক্যারিবীয়রা একাদশে পরিবর্তন আনেনি। এ প্রসঙ্গে পাওয়েলের সাফ কথা, ‘আমরা সাহস নিয়ে খেলতে চেয়েছিলাম, এ কারণেই একাদশে কোনো পরিবর্তন আনিনি। ছেলেরা তো ভুল থেকেই শিখবে। একাদশ পরিবর্তন করলেই উত্তর পেয়ে যাবেন এমন নয়। ছেলেরা ভুল করতে করতেই শেখে। সিলেকশনের সিদ্ধান্ত এত সহজে আসে না। সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয় কে খেলবে কে খেলবে না।’
আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল ৬টায় আরম্ভ হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। হোয়াইটওয়াশ এড়িয়ে স্থানীয় দর্শকদের জন্য স্বাগতিকরা জিততে মরিয়া। এ প্রসঙ্গে পাওয়েল বলেন, ‘সেন্ট ভিনসেন্টের দর্শকদের ধন্যবাদ দিতেই হবে। তাদের একটি জয় প্রয়োজন। শেষ ম্যাচে তাদের জন্য আমরা লড়াই করবো।’