ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

১০ জনের দল নিয়েও অপ্রতিরোধ্য মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ৪ জানুয়ারি ২০২৫
১০ জনের দল নিয়েও অপ্রতিরোধ্য মোহামেডান
ফটো- সংগৃহীত

চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে টানা ষষ্ট জয় তুলে নিয়েছে  ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের অধিকাংশ সময় ১০ জন নিয়ে খেললেও মাঠে ছিল সাদা-কালোদের একচেটিয়া আধিপত্য।

এই জয়ের ফলে মোহামেডান ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে। অন্যদিকে, সব ম্যাচ হেরে তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী লিগে কোনো পয়েন্ট পায়নি। টেবিলের দুইয়ে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ৬ ম্যাচে পয়েন্ট ১৫। ঢাকা আবাহনী লিমিটেড ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে। চতুর্থ স্থানে থাকা ব্রাদার্সের সমান ম্যাচে পয়েন্ট ১১। এক পয়েন্ট কম নিয়ে পাঁচে কিংস। 

ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে শনিবার (৪ জানুয়ারি) ম্যাচে তারকা ফুটবলার সোলেমান দিয়াবাতের অনুপস্থিতি টের পায়নি মোহামেডান। ২০ মিনিটের মাথায় শাকিল আহাদ তপু বাজেভাবে ফাউলের জন্য লাল কার্ড দেখায় তারা ১০ জনের দলে পরিণত হয়।  

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে মোজাফফরভের কর্নারে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মোনজির কলিদিয়াতি হেডে বল জালে জড়িয়ে দিয়ে মোহামেডানকে লিড এনে দেন। আট মিনিট পর আরিফ হোসেনের দারুণ এক কাটব্যাকে নাইজেরিয়ান অ্যাটাকার এমানুয়েল সানডে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন। 

সাইডবারের নিচে লেগে ফিরে আসা বলে শট নিয়ে ৬৩ মিনিটে লক্ষ্যভেদ করেন সৌরভ দেওয়ান। এরপর ৮৫ মিনিটে সেলিম রেজা নিজেদের জালে বল পাঠালে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। দুই মিনিট পর সৌরভ নিজের দ্বিতীয় গোলের দেখা পান। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্পট কিকে চট্টগ্রাম আবাহনীর হয়ে নিশানাভেদ করেন ইমতিয়াজ সুলতান জিতু।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!