ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জুনে ‘হোম-অ্যাওয়ে’ পদ্ধতিতে হবে সাফ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৮, ৮ জানুয়ারি ২০২৫
জুনে ‘হোম-অ্যাওয়ে’ পদ্ধতিতে হবে সাফ চ্যাম্পিয়নশিপ
ফটো- সংগৃহীত

আগামী ১৫ জুন থেকে ৫ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্টটি 'হোম অ্যান্ড অ্যাওয়ে' পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত হলেও এ নিয়ে সব সদস্যদেশের সঙ্গে আলোচনা করা হবে। 

বুধবার (৮ জানুয়ারি) নেপালের কাঠমান্ডুতে সাফের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন।

নতুন ফরম্যাট অনুযায়ী একটি দল ন্যূনতম ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। যার তিনটি তারা খেলবে নিজেদের ভেন্যুতে। অন্য তিনটি অ্যাওয়ে ম্যাচ। রাউন্ড রবিন লিগ পর্ব শেষে শীর্ষ দুটি দল নিয়ে হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক ফাইনাল। রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তানের ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হবে।

Advertisement

হোম-অ্যাওয়ে পদ্ধতিতে আসর আয়োজনে কোনো সমস্যা দেখা দিলে তখন নির্দিষ্ট একটি ভেন্যুতেই আয়োজন করা হবে পুরো টুর্নামেন্ট। সভায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। পুরুষ ও নারী দুই বিভাগেই সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আগামী ২০২৬ সাল থেকে শুরু হবে। 

২০৩০ সাল পর্যন্ত প্রতিবছরই এ টুর্নামেন্টটি আয়োজন করতে চায় সাফ। ৮টি ক্লাব নিয়ে হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ। র‍্যাংকিংয়ের শীর্ষ সাফ সদস্যদেশের দুটি ক্লাব খেলবে এতে, বাকি ৬ দেশ পাবে একটি করে স্লট। এ টুর্নামেন্টও হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমরা হোম-অ্যাওয়ে ফরম্যাটে চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য যথাসাধ্য চেষ্টা করবো। তবে পরে যদি কোনো সমস্যা দেখা দেয়, তবে আমরা এই বছর একটি কেন্দ্রীভূত বিন্যাসে তা করবো।’

২০২৫ সালে সাফেরও ব্যস্ত সূচি। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে ৮ মে থেকে ১৮ মে হবে সাফ অনূর্ধ্ব-বন্ধ চ্যাম্পিয়নশিপ। এরপর ১১ জুলাই থেকে ২১ জুলাই বাংলাদেশের মাটিতে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ। একই বছরের সেপ্টেম্বরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ। আর অক্টোবরে মাঠে গড়াবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফ। আর সবচেয়ে বড় আকর্ষণ জুন-জুলাইয়ে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!