ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্ব সাঁতারে স্বর্ণসহ ৪ পদক জিতেছে বাংলাদেশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৪, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাঁতারে স্বর্ণসহ ৪ পদক জিতেছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লা সাঁতারে স্বর্ণসহ বাংলাদেশ ৪ পদক অর্জন করেছে। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে স্বর্ণপদক জয় করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ। একই দূরত্বের মহিলা ইভেন্টে রৌপ্যপদক অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার। অন্যদিকে, ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে রৌপ্যপদক জয় করেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী।

একই ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম। মুর্শিদাবাদে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার মহিলা ও ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৮১ কিলোমিটার ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে ১৫ জন সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করেন।

Advertisement

বাংলাদেশ থেকে মোট ৯ সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে ৬ জন ১৯ কিলোমিটার এবং ৩ জন ৮১ কিলোমিটার ইভেন্টে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সাঁতার ফেডারেশন জানায়, বাংলাদেশি সাঁতারুদের এ সাফল্য আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতার অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে ৮১ কিলোমিটারের মতো দীর্ঘ ও কঠিন ইভেন্টে দুটি পদক অর্জন বাংলাদেশের দূরপাল্লার সাঁতারের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

পদকজয়ীসহ অংশগ্রহণকারী সব সাঁতারু, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বাংলাদেশ সাঁতার ফেডারেশন ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনার প্রত্যাশা ব্যাক্ত করে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!