অভিষেকের হারানো সিংহাসন পুনরুদ্ধার
এক সপ্তাহেই জোড়া সাফল্য। টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার এবং অলরাউন্ডার, দুই মুকুটই উঠল দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনের মাথায়। অন্যদিকে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের তালিকায় আবারও শীর্ষস্থানে অভিষেক শর্মা। মঙ্গলবারই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। বলা চলে, তারই পুরস্কারটা হাতে-নাতেই পেয়ে গেলেন এই বাঁহাতি ব্যাটার। সদ্য প্রকাশিত আইসিসির ক্রমতালিকায় নজর কেড়েছেন আরও বেশ কিছু ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন জ্যানসেন। ব্যাট হাতে ৮৫ রান করার পাশাপাশি প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাঁহাতি পেসার। তার অলরাউন্ড পারফরম্যান্সের ফলে জয় পায় প্রোটিয়ারা। দেশকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত সাফল্যেও বাজিমাত করলেন ২৬ বছরের তারকা অলরাউন্ডার। তিনটি বিভাগেই উন্নতি করেছেন জ্যানসেন। টেস্ট ব্যাটারদের তালিকায় ১৩ ধাপ উঠে ৫৬ নম্বরে পৌঁছেছেন তিনি। বোলারদের ক্রমতালিকায় পাঁচ ধাপ এগিয়ে মিচেল স্টার্ককে টপকে গিয়েছেন। আর টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ উঠে রবীন্দ্র জাদেজার রাজত্বের অবসান ঘটিয়েছেন।
চার বছরেরও বেশি সময় ধরে টেস্ট অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছিলেন জাদেজা। সেই আধিপত্যের অবসান ঘটিয়ে প্রথমবার এক নম্বরে জানসেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ডেল স্টেইনও তাকে বিশ্বের সেরা ক্রিকেটার বলে প্রশংসা করেছিলেন। অন্যদিকে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের হারানো সিংহাসন ফিরে পেলেন অভিষেক। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরির পর তার এই উত্থান। শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।