ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামায়াত ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৮, ২৮ অক্টোবর ২০২৬
জামায়াত ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন জামায়াত ও এলাকাবাসী। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা গজারিয়া আমতলী থেকে খাশালা গজারিয়া সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও এলাকাবাসী।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে সম্মিলিতভাবে সড়কটির সংস্কারকাজ শুরু হয়। অতিবৃষ্টিতে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছিল। দীর্ঘদিনেও সংস্কারের কার্যকর উদ্যোগ না নেওয়ায় বিষয়টি নজরে আসে পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা শাখার নায়েবে আমির ফারুক আহম্মদের। পরে তিনি জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন।

সম্মিলিত স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় সড়কটি দিয়ে চলাচল সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংস্কারকাজে উপস্থিত ছিলেন ফারুক আহম্মদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা শাখার সেক্রেটারি তাজুল ইসলাম লিংকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরিজপুর ইউনিয়ন শাখার আমির ডা. হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মো. মজনু মিয়া, যুব বিভাগের সভাপতি রিমন মিয়া, আঙুর মিয়া, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা ইকবাল, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি সবুর মিয়া, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মাইনউদ্দিন, উমর ফারুক, ফয়সল আহমেদ ও সুমন মিয়াসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!