ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

‘দেশে ভয়াবহ উগ্রবাদের উত্থান হয়েছে’—রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৮, ১২ জুলাই ২০২৬
‘দেশে ভয়াবহ উগ্রবাদের উত্থান হয়েছে’—রুমিন ফারহানা
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি ডেইলি বাংলাদেশ

বাংলাদেশে আগামী এক শতাব্দীতেও আর কোনো গণঅভ্যুত্থান ঘটার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, অনেকেই সহজে আরেকটি গণঅভ্যুত্থানের কথা বলেন, কিন্তু বাস্তবে আগামী ১০০ বছরেও দেশে এমন পরিস্থিতি আর তৈরি হবে না। চব্বিশের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ শেষবারের মতো নিজের জীবন বাজি রেখেছিল। কিন্তু পরবর্তীতে যখন তারা দেখল যে এটি কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তিতে পরিণত হয়েছে, দেশে উগ্রবাদের নতুন উত্থান ঘটেছে এবং রাতারাতি শূন্য থেকে শতকোটি টাকার মালিক হওয়ার প্রকল্প তৈরি হয়েছে, তখন মানুষ স্বাভাবিকভাবেই চরম হতাশ হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আন্দোলনে যাওয়ার আগে দেশের সাধারণ মানুষ কোটিবার চিন্তা করবে।

Advertisement

তিনি আরও উল্লেখ করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে যে ‘ভয়াবহ উগ্রবাদের উত্থান’ ঘটবে, তা যদি মানুষ আগে থেকে জানত, তবে কতজন রাস্তায় নামতেন তা নিয়ে সন্দেহ রয়েছে। ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণ-আন্দোলনের ইতিহাস টেনে তিনি বলেন, এ দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে, কিন্তু প্রতিবারই তারা প্রতারিত হয়েছে।

জেএসডির এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!