ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

পবন কল্যাণ তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৫, ১১ নভেম্বর ২০২৬
পবন কল্যাণ তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা ও অন্ধ্র প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং স্ত্রী আন্না কোনিদেলা দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন । সোমবার রাতে যৌথ বিবৃতিতে তারা নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান। 
তবে বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সন্তানদের দায়িত্ব একসঙ্গে পালনের কথা জানিয়েছেন এই দম্পতি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জনসেনা পার্টির (জেএসপি) আনুষ্ঠানিক হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপের মাধ্যমে বিবৃতিটি প্রকাশ করা হয়। সেখানে পবন কল্যাণ ও আন্না জানান, পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত এই সময়ে তাদের গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে যা বললেন তারা: বিবৃতিতে পবন কল্যাণ ও আন্না বলেন, 'জীবনের দীর্ঘ একটি সময় একসঙ্গে কাটানোর পর পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার ভিত্তিতে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাম্পত্য জীবনের অবসান ঘটলেও আমরা ভালো বন্ধু এবং সন্তানদের প্রতি নিবেদিত অভিভাবক হিসেবে থাকব। আমাদের সন্তানদের সুখ ও কল্যাণই সব সময় আমাদের যৌথ অগ্রাধিকার হয়ে থাকবে।'
ব্যক্তিগত এই পরিবর্তনের সময়ে সবার সহানুভূতি, সহযোগিতা ও গোপনীয়তার প্রতি সম্মান প্রত্যাশা করেছেন তারা। পাশাপাশি এতদিন যারা তাদের পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তবে কী কারণে এই বিচ্ছেদের সিদ্ধান্ত, সে বিষয়ে কোনো তথ্য দেননি তারা। বিবৃতিতে আইনি বিচ্ছেদপ্রক্রিয়া শুরু হয়েছে কি না, সে সম্পর্কেও কিছু জানানো হয়নি। সন্তানদের অভিভাবকত্ব নিয়ে কোনো সিদ্ধান্তের কথাও উল্লেখ করেননি এই দম্পতি।
যেভাবে শুরু হয়েছিল সম্পর্ক: পবন কল্যাণ ২০১৩ সালের সেপ্টেম্বরে রুশ নাগরিক আন্না লেজনেভাকে বিয়ে করেন। বিয়ের পর আন্না কোনিদেলা নামেই পরিচিতি পান তিনি। তাদের সংসারে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। ২০১১ সালে মুক্তি পাওয়া 'টিন মার' সিনেমায় পবন কল্যাণের সঙ্গে অভিনয়ও করেছিলেন আন্না।
পবন কল্যাণের আগেও দুটি বিয়ে হয়েছিল। ১৯৯৭ সালের সেপ্টেম্বরে নন্দিনীকে বিয়ে করেন তিনি। ১৯৯৯ সালে তাদের আলাদা থাকার কথা জানা যায়। ২০০৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।
এরপর অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন কল্যাণ। ২০০৯ সালে তাদের বিয়ে হলেও ২০১২ সালে বিচ্ছেদ হয়। এই সংসারেও তাদের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।
অন্যদিকে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণকে সর্বশেষ দেখা গেছে ‘উস্তাদ ভগত সিং’ সিনেমায়। 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!