ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

গ্যাস-বিদ্যুৎ ও ব্যাংকিং সংকট নিয়ে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-বিদ্যুৎ ও ব্যাংকিং সংকট নিয়ে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ আগস্ট) রাত ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Advertisement

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান।

এ ছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়াও উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের পোশাকশিল্পের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সম্ভাবনা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ব্যবসায়ী প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি এ খাতের বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!