ইতালির ভেনিসে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
.png)
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। তিনি ঘটনাটিকে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।
তিনি আরও বলেন, একজন নারী ও জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে হামলার ঘটনা প্রমাণ করে, সংশ্লিষ্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তার ভাষ্য, এসব সন্ত্রাসীর প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না এবং কঠোর হাতে তাদের দমন করা হবে। পাশাপাশি জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার কথাও বলেন তিনি।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এক ভিডিওবার্তায় বাঁধন আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই ভিডিওতে তিনি জানান, তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। হামলার কয়েকটি ভিডিও ক্লিপও প্রকাশ করেন তিনি।
বাঁধনের ভাষ্য অনুযায়ী, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় ভাইয়ের শিশুসন্তানও সেখানে উপস্থিত ছিল বলে জানান তিনি।
অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগাল করা হয় বলেও দাবি করেন তিনি। হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন বাঁধন।
ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে তিনি গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বাঁধন তাদের এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
বাঁধন আরও বলেন, তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। তাকে দমানো সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া সজীব ওয়াজেদ জয়কে ঘটনাটি জানানোর অনুরোধ জানিয়ে বাঁধন বলেন, তিনিও ভেনিসে রয়েছেন এবং বিষয়টি তার কাছে পৌঁছে দেওয়ার আশা করছেন।