শেরপুরের নকলায় মাদ্রাসাছাত্রী (১৫) অপহরণ মামলার প্রধান আসামি মো. মনির মিয়াকে (২৪) চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব।
এর আগে গতকাল সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪-এর জামালপুর ক্যাম্পের সদস্যরা র্যাব-৫-এর সহযোগিতায় এ অভিযান চালান।
.png)
র্যাবের ভাষ্য, গ্রেপ্তার মনির মিয়া শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা। তিনি ওই কিশোরীকে অপহরণের মামলার প্রধান আসামি।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে মনির মিয়া তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, গত ২৮ জুলাই বেলা তিনটার দিকে ওই ছাত্রী মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় মনির মিয়া তার সহযোগীদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে জোর করে তুলে নিয়ে যান। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। আদালতের আদেশে গত ২ সেপ্টেম্বর নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৩০ ধারায় মামলা করা হয়।
র্যাব জানায়, মামলা হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে মনির মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনির মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।