ইতালির মেস্ট্রেতে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে তাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুটি দাবি জানানো হয়েছে।
.png)

ডাকসুর দাবিগুলো হলো—ইতালিতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করে হামলায় জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি প্রবাসে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারী হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলসহ কূটনৈতিক পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালির ভেনিসে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং তার পরিবারের সদস্যদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের হামলা, হেনস্তা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, শরীরে পানি ছুড়ে দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টার ঘটনায় ডাকসু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
ডাকসু আরও দাবি করে, জুলাই আন্দোলনে রাজনৈতিক পরাজয়ের ক্ষোভ থেকে বিদেশের মাটিতে একজন বাংলাদেশি নারীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে এ ধরনের হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশে অবস্থানরত নিষিদ্ধ সংগঠন ও তাদের অনুসারীদের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।