ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আদালতে তথ্য গোপন, রিটকারী-আইনজীবীকে জরিমানা

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২৬
আদালতে তথ্য গোপন, রিটকারী-আইনজীবীকে জরিমানা
ছবি সংগ্রহীত

নিকাহ রেজিস্ট্রার নিয়োগের একই বিষয় নিয়ে হাইকোর্টে একাধিক রিট দায়ের এবং আদালতের কাছে তথ্য গোপনের অভিযোগে রিটকারী মোহাম্মদ নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহামেদকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ নিকাহ রেজিস্ট্রার নিয়োগসংক্রান্ত মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

Advertisement

আদালতে রিটকারী নুর আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এএম মাহাবুব উদ্দিন খোকন। অন্যদিকে নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অনিক আর হক, সিনিয়র আইনজীবী মো. শিশির মনির ও আইনজীবী অমিত দাশ গুপ্ত।

শুনানিতে একই বিষয়ে একাধিক রিট দায়ের এবং আগের মামলার তথ্য আদালতের কাছে গোপন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এসব বিষয় বিবেচনায় নিয়ে রিটকারী ও তার আইনজীবীর বিরুদ্ধে জরিমানার আদেশ দেন আপিল বিভাগ।

আদালতের নির্দেশ অনুযায়ী, মোহাম্মদ নুর আলম ও সুফিয়া আহামেদকে পৃথকভাবে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ ঢাকা শিশু হাসপাতালে জমা দিতে বলা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একাধিক রিট দায়ের করেন মোহাম্মদ নুর আলম। এসব রিট করার সময় আগের মামলার তথ্য গোপন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে বিষয়টি আদালতের নজরে এলে আপিল বিভাগ জরিমানার এ আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!