ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আযাদের বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ নয়: আদালত

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০, ৮ সেপ্টেম্বর ২০২৬
আযাদের বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ নয়: আদালত
ছবি: সংগৃহীত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিলের শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর আরও চার সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

Advertisement

আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আবেদনে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনার পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ডের সাজা স্থগিত রাখার আবেদন করেছেন। শুনানি শেষে জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে চার সপ্তাহের জন্য বিষয়টি মুলতবি রাখা হয়েছে।

এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য আদালত মৌখিক নির্দেশনাও দিয়েছেন বলে জানান তিনি।

২০১৩ সালের ২১ জানুয়ারি পলাতক অবস্থায় আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই ছিল দেশে প্রথম রায়।

মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় হত্যা, নির্যাতন, অপহরণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। পরে জানা যায়, আত্মসমর্পণ করে আপিল করার শর্তে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করেছিলেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে।

আত্মসমর্পণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে আপিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন। পরে তিনি আপিল দায়ের করেন।

সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আদালতে অবকাশ থাকবে। অবকাশ শেষে চার সপ্তাহ পর আবুল কালাম আযাদের আপিলসংক্রান্ত বিষয়টি আবার শুনানির জন্য উঠবে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!