বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
.png)
শিক্ষকদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, মাঠপর্যায়ে দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা শিক্ষকদের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং অন্যদের উৎসাহিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষকদের অবদান স্মরণ করে তাদের সম্মানিত করা হবে।
তিনি জানান, সেরা শিক্ষক নির্বাচন ও পুরস্কার প্রদানের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর নির্ধারিত প্রক্রিয়ায় যোগ্য শিক্ষকদের বাছাই করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এর আগে মাত্র ১২ জন শিক্ষককে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হতো। এবার পুরস্কারের পরিধি বাড়িয়ে দেশের বিভিন্ন পর্যায়ের দক্ষ ও গুণী শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়া হবে।
এ সময় শিক্ষকদের আচরণবিধি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের আচরণ ও মূল্যবোধের মাধ্যমেই সমাজ আলোকিত হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিক্ষাব্যবস্থার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে।
সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।