সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, ভ্রুক্ষেপ করেনি: গোলাম পরওয়ার
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে একাধিকবার পরামর্শ ও প্রস্তাব দেওয়া হলেও সরকার তাতে কোনো গুরুত্ব দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরকালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, চলমান সংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বিভিন্ন সময়ে পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি বিরোধী দলের নিজস্ব অর্থায়নে বিশেষজ্ঞ নিয়োগ করে তাদের মতামত ও পরামর্শ সরকারের কাছে প্রস্তাব আকারে দেওয়া হয়েছে। কিন্তু সরকার এসব প্রস্তাবের বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি।
.png)
তিনি বলেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু শুধু বিরোধিতার জন্য বিরোধী দলকে বিরোধিতা করা হচ্ছে।
সংসদের বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা সরকারকে সহযোগিতা করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলে বসার পর থেকে বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারকে অন্তত ৩৮টি প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারকে পরামর্শ ও সহযোগিতা করার উদ্দেশ্যেই এসব প্রস্তাব দেওয়া হলেও এখন পর্যন্ত জামায়াতসহ বিরোধী দলের কোনো প্রস্তাব সরকার গ্রহণ করেনি। ফলে বিরোধী দল অসহযোগিতা করছে বলে সরকারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, তা হাস্যকর।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আমি বলব, বিএনপি অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পর আধিপত্যবাদী শক্তিকে মোকাবিলা এবং দেশের কল্যাণের কথা বিবেচনা করে পাঁচ বছর বিএনপির সঙ্গে ছিল জামায়াত। এর আগে ১৯৯১ সালেও বিএনপি সরকার গঠন করলে আমরা তাদের সহযোগিতা ও সমর্থন দিয়েছিলাম। কিন্তু সরকার গঠনের পরই বিএনপি জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল।’
তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে ঢাকা, রাজশাহী ও খুলনায় জামায়াতের কর্মীরা নিহত হয়েছেন এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা নিহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, জামায়াত বিভিন্ন সময় বিএনপিকে সহযোগিতা করতে চাইলেও দলটি এখন বিরোধিতার স্বার্থে বিরোধিতা করছে।
আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বিএনপি এখন অভিযোগ করছে, জামায়াত আওয়ামী লীগকে মাঠে নামতে ইন্ধন দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকার পরও নিষিদ্ধ একটি দলের কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কীভাবে মিছিল করেছে। তার দাবি, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগাযোগ বা আঁতাতের তথ্য থাকলে তা প্রকাশ করা উচিত।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মিয়া গোলাম পরওয়ার। এতে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।