ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

‘চাঁদাবাজদের জিম্মিদশা থেকে দেশ মুক্ত হবে’: নাহিদ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের জিম্মিদশা থেকে দেশ মুক্ত হবে’: নাহিদ
নাহিদ ইসলাম। ফাইল ছবি

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

Advertisement

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, রাতের আঁধারে জুলাই আন্দোলনের সময়কার তার সহযোদ্ধা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়েছে।

তিনি দাবি করেন, এ ঘটনায় ভাঙচুর ও লুটপাটের পেছনে চাঁদা না দেওয়া অথবা সম্পত্তি দখল—এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। নাহিদের প্রশ্ন, প্রধানমন্ত্রীর আসন হিসেবে পরিচিত এলাকায় চাঁদা তোলা বা সম্পত্তি দখলের মতো ঘটনা ঘটানোর সাহস কারা পাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, কোনো স্থাপনা অবৈধ হলে বা কেউ দখল করে রাখলে তা উদ্ধারে আইন ও আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এ ধরনের আচরণ কীসের ইঙ্গিত দিচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, তার দাবি অনুযায়ী, ৫ আগস্টের পর থেকেই এসব কর্মকাণ্ড শুরু হয়েছে। তার ভাষ্য, রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির সঙ্গে সংশ্লিষ্টদের একটি অংশ আওয়ামী লীগের সময়কার চাঁদাবাজি ও দখলদারির নিয়ন্ত্রণ নিয়েছে এবং এসব কর্মকাণ্ডের পরিধি আরও বেড়েছে।

তিনি আরও দাবি করেন, এ পরিস্থিতিতে দেশের বিপুলসংখ্যক মানুষ জিম্মি হয়ে পড়েছে। একইসঙ্গে এসব ঘটনার বিচার চেয়ে সরকারের বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়াকে তিনি অর্থহীন বলে মন্তব্য করেন।

শেষে নাহিদ ইসলাম বলেন, ‘অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্তি পাবে, ইনশাআল্লাহ।’

এদিকে, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় পুলিশের প্রাথমিক ধারণা, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ডিএমপি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!