মনপুরায় সুপারের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ভোলার মনপুরা উপজেলায় কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চরফৈজুদ্দিন ফকিরহাট মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ সিহাব উদ্দিনকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
রোববার সকালে ফকিরহাট-হাজিরহাট সড়কের মাদরাসার সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মাদরাসা সুপার মাওলানা মোহাম্মদ সিহাব উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাতে মনপুরা উপজেলা মডেল মসজিদে এশার নামাজ শেষে হাদিসের তালিম চলাকালে ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় অধ্যক্ষ মহিউদ্দিন ৯ জনকে আসামি করে মনপুরা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় চরফৈজুদ্দিন ফকিরহাট মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ সিহাব উদ্দিনকেও আসামি করা হয়।
.png)
মানববন্ধনে মাদরাসার শিক্ষক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, মাওলানা মোহাম্মদ সিহাব উদ্দিনকে ষড়যন্ত্র করে এ মামলায় আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি অবিলম্বে মামলা প্রত্যাহার এবং সিহাব উদ্দিনের নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান।
মাদরাসার শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নিয়ে তাদের প্রধান শিক্ষককে মামলায় আসামি করার প্রতিবাদ জানান। তারা বলেন, একজন শিক্ষক কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মামলায় আসামি করা হলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাদের শিক্ষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মাওলানা মোহাম্মদ সিহাব উদ্দিন বলেন, কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এরপরও তাকে মামলায় আসামি করা হয়েছে। তিনি মামলাটিকে ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়ে যাবেন।