[ দেশজুড়ে ]
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হতাহতদের উদ্ধারে কাজ করছে নাটোর ফায়ার সার্ভিস কর্মিরা।
নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বনপাড়ার জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। তাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উদ্ধার করায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ডেইলি-বাংলাদেশ/নাটোর/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!