ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রাষ্ট্রপতির সঙ্গে আলেম-ওলামা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০, ২০ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে আলেম-ওলামা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
সংগ্রহীত ছবি

হেফাজতে ইসলাম ও দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের একটি শীর্ষ প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার ও মাওলানা মীর ইদরিস নদভী, প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতিব কাউন্সিলের কো-অর্ডিনেটর মাওলানা ফয়সাল এবং খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

সাক্ষাৎকালে বিগত ফ্যাসিবাদী শাসনামলে আলেম-ওলামাদের ওপর চলা নির্যাতন ও কারাবাসের দুঃসহ স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর দেশ গড়ার যে সুযোগ মিলেছে, তা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে। ধর্মের নামে কেউ যেন আর কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তিনি। এ সময় তিনি ইসলামী মূল্যবোধ ও শরিয়তে আঘাত হানে এমন কোনো কাজ যাতে না হয়, সেদিকে নিজের দৃষ্টি রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অনুদান বাড়াতে আলেমদের আরবি ভাষার দক্ষতা ও ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগানোর অনুরোধ জানানো হয়। জবাবে রাষ্ট্রপতি প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া প্রতিনিধিদলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসা ও বাবুনগর মাদরাসা সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি সুবিধাজনক সময়ে তা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!