ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সারাদেশে খাল খননের উদ্বৃত্ত মাটি সরবরাহ করা হবে বৈধ ইটভাটায়

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশে খাল খননের উদ্বৃত্ত মাটি সরবরাহ করা হবে বৈধ ইটভাটায়
সংগৃহীত ছবি

কৃষিজমির উর্বরতা বজায় রাখা ও ফসল উৎপাদন ধরে রাখতে ইটভাটায় উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) ব্যবহার বন্ধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, সারাদেশে খাল খনন কর্মসূচি থেকে উত্তোলিত উদ্বৃত্ত মাটি সংগ্রহ করে বৈধ ইটভাটাগুলোতে কাঁচামাল হিসেবে সরবরাহ করা হবে।

এতে করে খনন করা মাটির সঠিক সদ্ব্যবহারের পাশাপাশি ইট তৈরিতে কৃষিজমির টপসয়েল কেটে নেওয়ার প্রবণতা অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে টপসয়েল রক্ষা অত্যন্ত জরুরি।

প্রতিবছর ইটভাটার কারণে বিপুল পরিমাণ উর্বর মাটি ধ্বংস হচ্ছে। এ কারণে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে শুরু হতে যাওয়া খাল খনন কর্মসূচি থেকে প্রাপ্ত মাটি ইটভাটায় সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক অবস্থায় এটি একটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলেও পরবর্তীতে সারাদেশে এটি সম্প্রসারণ করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ব্লক ইটের প্রচার ও ব্যবহারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে, কৃষিজমির টপসয়েল এক ইঞ্চি তৈরি হতে দীর্ঘ সময় লাগে এবং তা কেটে নিলে মাটির পুষ্টিগুণ নষ্ট হয়ে উৎপাদনশীলতা মারাত্মকভাবে ব্যাহত হয়। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যায়ের অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এই উদ্যোগের সঠিক বাস্তবায়ন হলে কৃষিজমির উর্বরতা রক্ষা, খাদ্যনিরাপত্তা এবং বায়ুদূষণ রোধে একযোগে ত্রি-মাত্রিক সাফল্য আসবে।

সুত্র বাসস 

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!